অবকাঠামো বিনির্মাণে আইসিটি বিভাগের সঙ্গে কাজ করবে বিশ্বব্যাংক

১৮ মে, ২০২২ ১৯:০৬  
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পরবর্তী ধাপে উত্তরণেরর লক্ষ্যে প্রয়োজনীয় আইসিটি অবকাঠামো বিনির্মাণে সরকারের আইসিটি বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করবে বিশ্বব্যাংক। বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে আগারগাওস্থ আইসিটি বিভাগে তার দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠককালে এই আগ্রহের কথা প্রকাশ করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ কামাল আহমদ। এসময় অন্যান্যের মধ্যে ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্পের ইনোভেশন স্পেশালিস্ট আব্দুল বারি তুষারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, ন্যানোটেক, ফিনটেক, স্টার্টআপ ইকোসিস্টেম, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা উন্নয়নের জন্য এক্সচেইঞ্জ প্রোগ্রাম চালু ও ইনোভেশন হাব প্রতিষ্ঠা, বাংলাদেশ হাই-টেক পার্ক, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের জন্য বৈদেশিক উৎস হতে বিনিয়োগ আহরণ এবং বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশে উত্তরণের জন্য বিনিয়োগ পেতে সার্বিক সহায়তা করবে বিশ্বব্যাংক। পাশাপাশি ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উদ্ভাবনী বাংলাদেশ বির্নিমাণে ঘনিষ্ঠ ভাবে বাংলাদেশের সঙ্গে কাজ করেবে।